
চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে এক সাংবাদিককে ২৪ ঘণ্টার মধ্যে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মোবারক হোসেন ওরফে ইমন নামের এক কথিত সন্ত্রাসীর বিরুদ্ধে। ভুক্তভোগী সাংবাদিক বিপ্লব দে পার্থ এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ঘটনাটি ঘটে শনিবার (১০ মে) বিকেলে। হুমকির শিকার বিপ্লব দে পার্থ চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় জিডি করেন। তিনি বাংলা টিভির চট্টগ্রাম কার্যালয়ে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।
অভিযোগ অনুযায়ী, মোবারক হোসেন ওরফে ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত। বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তিনি সাংবাদিক বিপ্লবকে ফোন ও অডিও বার্তার মাধ্যমে হুমকি দেন। হোয়াটসঅ্যাপে পাঠানো অডিও বার্তায় ইমন বলেন, ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে, না হলে ২৪ ঘণ্টার মধ্যে গুলি করা হবে। তিনি আরও বলেন, “পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবারও গণনা করতে পারবে না। যা করার ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে, গুলি মানুষ চেনে না।”
ভুক্তভোগী সাংবাদিক বিপ্লব দে পার্থ জানান, প্রথমে তাকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দিয়ে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, চাঁদা দাবি ও হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থানরত কথিত সন্ত্রাসী বড় সাজ্জাদের নেতৃত্বাধীন একটি চক্রে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছে। মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান নামে দুইজন ওই চক্রের হয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছে বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :