ঢাকায় নাতি-সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
ঢাকায় নাতি-সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

ঢাকার দোহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে আগুনের ভয়াল থাবা থেকে নিজের দুই মেয়ে ও নাতিকে রক্ষা করতে সক্ষম হয়েছেন নিহত গৃহবধূ। শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বিলাশপুর রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ সালাম শিকদারের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা পাঁচ সদস্য আটকা পড়েন।

পরিবারের সদস্যরা জানান, আগুন ছড়িয়ে পড়ার পর জীবন বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন নাসিমা বেগম। তিনি জানালা ভেঙে ঘরের ভেতরে থাকা দুই মেয়ে ও নাতিকে বাইরে বের করে দিতে সক্ষম হন। তবে শেষ পর্যন্ত স্বামী-স্ত্রী দুজনই আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান।

পরে আগুন নিয়ন্ত্রণে এলে ঘরের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহত দম্পতির মেয়ে জান্নাতুল অভিযোগ করে বলেন, তাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। কেউ পরিকল্পিতভাবে তালা লাগিয়ে আগুন দিয়েছে বলে তার সন্দেহ।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।