বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির আর নেই


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির আর নেই

চট্টগ্রামের প্রবীণ আলেম, হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

১৯৪৭ সালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন সরওয়ার কামাল আজিজী। তার পিতা মরহুম আলহাজ হাকিমবক্স চৌধুরী ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট। স্থানীয় কওমি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শেষে তিনি আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন এবং সেখান থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী আন্দোলন ও সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জমিয়তে তোলাবায়ে আরাবিয়া মুসলিম ছাত্র পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি পদুয়া আল-জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসাসহ একাধিক দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় নেজামে ইসলাম পার্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর তিনি দলটির কেন্দ্রীয় আমির নির্বাচিত হন। এছাড়া তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ধর্মীয় ও সামাজিক অঙ্গনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তিনি একাধিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন। এর মধ্যে শাহ ওয়ালীউল্লাহ একাডেমি, চট্টগ্রামের পরিচালক এবং জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম কওমি মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্বও পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও সাত কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ইসলামী অঙ্গন, রাজনৈতিক ও ধর্মীয় মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।