টানা ১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
টানা ১৩ দিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ১০ মে থেকে রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা ১৩ দিন প্রতিদিন ৬ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজ করা হবে। এ কারণে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো জানায়, ১০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিভিন্ন ফিডারের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে এই কাজ চলবে। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

এছাড়া, আবহাওয়া বা কারিগরি কারণে নির্ধারিত সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তাই গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী ১০ মে (রবিবার) দেওয়ানপাড়া, বাখরাবাজ, আমিনের মোড়সহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। ১১ মে জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, বুধপাড়া; ১২ মে কাটাখালি বাজার, আদর্শ কলেজ, হরিয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পরবর্তী দিনগুলোতেও একইভাবে শ্যামপুর, কাটাখালী, কাপাশিয়া, কিসমত কুখন্ডি, পদ্মা আবাসিক ফিডারসহ রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ বন্ধ থাকবে। প্রতিদিনই সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই শাটডাউন কার্যকর থাকবে।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ শেষ হলে ভবিষ্যতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।