বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত


বিরল প্রতিনিধি, আবুল কালাম আজাদ প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
বিরলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুরের বিরল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার (প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ)” কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে বিভিন্ন কৃষি প্রদর্শনী স্টল পরিদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি দিনাজপুরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন এবং পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্চয় দেব নাথ। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা হক আঁখির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব, পাশাপাশি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন করা যাবে। তিনি মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ ও কৃষি সহায়তা সহজলভ্য করা হচ্ছে। পাশাপাশি সুদমুক্ত ঋণ সুবিধার কথাও তিনি উল্লেখ করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. শাহরিয়ার লিটন এবং গীতা পাঠ করেন উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দন কুমার অধিকারী।