চট্টগ্রামে মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
চট্টগ্রামে মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম নজরুল ইসলাম সায়েম (২৩)। তিনি কলেজটির ২৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (৪ মে) দুপুরে মেডিকেল কলেজের বয়েজ হোস্টেল-৩-এর নিজ কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সায়েম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিদিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় রওশন হেলথ সেন্টারের মালিকের ছেলে বলে জানা গেছে। তার মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, হোস্টেলের একটি সিঙ্গেল রুমের দরজা ভেঙে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল ও তদন্তে কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহত শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে। এদিকে সহপাঠী ও স্থানীয়রা জানান, সায়েম শান্ত স্বভাবের ও মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে কলেজে শোকের পরিবেশ বিরাজ করছে।