রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাচারের সময় বিরল প্রজাতির একটি মালায়ন নাইট হিরন পাখি উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৫ মে) দুপুরে কাপ্তাইয়ের ব্যঙছড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করা হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বন বিভাগের সদস্য ওসমান গণি অংশ নেন। বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পাচারকারীরা বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাখিটি ফেলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া পাখিটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে এর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, পাখিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উদ্ধার হওয়া পাখিটি মালায়ন নাইট হিরন (বৈজ্ঞানিক নাম: Gorsachius melanolophus), যা টাইগার বিটার্ন নামেও পরিচিত। এটি দক্ষিণ ও পূর্ব এশিয়ায় পাওয়া মাঝারি আকারের বিরল একটি বক প্রজাতির পাখি।
বন বিভাগের তথ্য অনুযায়ী, এই প্রজাতির পাখি সাধারণত ঘন অরণ্যে বসবাস করে। বাংলাদেশের কাপ্তাই জাতীয় উদ্যান অঞ্চলেও এর উপস্থিতি আগে থেকে লক্ষ্য করা গেছে। পাচারের উদ্দেশ্যে বিরল বন্যপ্রাণী পরিবহন পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :