
দিনাজপুরে শুরু হয়েছে মাসব্যাপী ১৯তম শিল্প ও বাণিজ্য মেলা ২০২৬। গত শনিবার দিনাজপুর বড়মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি, নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, এমপি। তিনি শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে মেলার সূচনা ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, এমপি; সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি; মো. মনজুরুল ইসলাম, এমপি; সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, এমপি; দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল; এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে এবং মো. শামীম কবির অপুর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের মেলা স্থানীয় অর্থনীতিকে চাঙা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে তারা তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণের সুযোগ পান।
উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় দেশীয় পণ্য ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের আকর্ষণীয় স্টল দর্শনার্থীদের নজর কাড়ছে এবং ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আপনার মতামত লিখুন :