
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তবে শোককে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যেতে হবে এবং আহতদের সাহস ও দৃঢ়তা থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। সোমবার (২১ জুলাই) ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আয়োজিত ‘মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণ হারানো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। মহান আল্লাহর কাছে তিনি নিহতদের আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, আকস্মিক ও ভয়াবহ এই দুর্ঘটনা দেশবাসীকে গভীরভাবে ব্যথিত করেছে। যারা স্বজন হারিয়েছেন তাদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা যেভাবে সাহস ও মনোবল ধরে রেখেছেন, তা জাতির জন্য অনুপ্রেরণার।
ডা. জুবাইদা রহমান বলেন, সংকটের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর যে মানবিক দৃষ্টান্ত তৈরি হয়েছে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া ফায়ার সার্ভিস, চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবক, ড্যাব, রহমান ফাউন্ডেশন এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পাশাপাশি যুক্তরাজ্য, চীন, ভারত ও সিঙ্গাপুরের চিকিৎসক ও প্রতিনিধিদের সহযোগিতার প্রশংসা করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনা দেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। তিনি আগুনে পুড়ে যাওয়া শিক্ষার্থীদের উদ্ধারে গিয়ে জীবন উৎসর্গ করা শিক্ষিকা মাহেরিন চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আহত ও নিহত পরিবারের চিকিৎসা, পুনর্বাসনসহ প্রয়োজনীয় বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, দগ্ধ রোগীদের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। তাই দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। স্মরণসভায় মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ তার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান। তিনি বলেন, দুর্ঘটনার স্মৃতি এখনও তাকে কষ্ট দেয়, তবে চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি সুস্থ হওয়ার পথে রয়েছেন।
অনুষ্ঠানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ড্যাব সভাপতি ডা. হারুনুর রশীদসহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে সহায়তাকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :