চলছে উদ্ধার অভিযান

আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯৭ বছরের বৃদ্ধা


আত্রাই উপজেলা প্রতিনিধি, ​আব্দুল মজিদ মল্লিক  প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯৭ বছরের বৃদ্ধা

নওগাঁর আত্রাই উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে মানিকজান বিবি (৯৭) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বাড়ির পাশের নদীর ঘাটে গোসল করতে যান মানিকজান বিবি। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে চকবিষ্টপুর খেয়াঘাটের মাঝির কাছ থেকে তাঁরা জানতে পারেন, ওই বৃদ্ধাকে নদীতে গোসল করতে দেখা গেছে। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে অনুসন্ধান চালান। খবর পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে দিনভর তল্লাশি চালালেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি নদীর পানিতে তলিয়ে যেতে পারেন। এছাড়া নদীতে স্রোত বেশি থাকায় ভেসে যাওয়ার আশঙ্কাও করছেন তাঁরা।

আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নকিবুর আলী সরকার বলেন, নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। রাজশাহী থেকে আসা ডুবুরি দলও দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনা করছে।সংবাদ লেখা পর্যন্ত (মঙ্গলবার বিকেল সাড়ে ৬টা) নিখোঁজ মানিকজান বিবিকে উদ্ধার করা সম্ভব হয়নি।