ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএর ১ কোটি ২০ লাখ টাকার সহায়তা


ময়মনসিংহ জেলা প্রতিনিধি, মতিউর রহমান প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএর ১ কোটি ২০ লাখ টাকার সহায়তা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের স্বজনদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ১ কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ক্ষতিগ্রস্ত ৩০ জনের হাতে এ সহায়তার চেক তুলে দেন।

বিআরটিএ ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আহত ৯ জনকে আঘাতের মাত্রা অনুযায়ী ১ থেকে ৩ লাখ টাকা এবং সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জনের প্রত্যেক পরিবারের হাতে ৫ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। তিনি বলেন, দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সড়ক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএর সহকারী পরিচালক আনিসুর রহমান, মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবর, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সড়ক পারাপারের সময় সবাইকে ধৈর্য ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।