
নতুন উদ্যোক্তা ও সম্ভাবনাময় তরুণদের পাশে সরকার রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যারা উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে চান, তাদের সহযোগিতা ও দিকনির্দেশনা দিতে সরকার কাজ করে যাবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময় হচ্ছে কাজ করার সময়। নতুন উদ্যোক্তা হওয়া সহজ নয়, এ পথে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। তবে দৃঢ় ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে সফলতা অর্জন সম্ভব।
তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, সামনে এগিয়ে যেতে হলে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। এ যাত্রায় সরকার সহযোগিতা, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে পাশে থাকবে। সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তরুণদের এগিয়ে নিতে কাজ করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত তরুণ উদ্যোক্তাদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের অনেকেই ইতোমধ্যে ভালো অবস্থানে পৌঁছেছেন এবং সমাজ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। দেশের মানুষের জন্য এবং দেশের ভবিষ্যতের জন্য তাদের মতো উদ্যোক্তাদের প্রয়োজন রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিকের বেশি শিক্ষার্থী এবং সফল উদ্যোক্তারা অংশ নেন।
আপনার মতামত লিখুন :