সেমিফাইনালের আগে যে কারণে দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
সেমিফাইনালের আগে যে কারণে দুশ্চিন্তায় আর্জেন্টিনা শিবির

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টানা ১২০ মিনিটের কঠিন লড়াইয়ের পর সোমবার দলের নিয়মিত অনুশীলনে অংশ নেননি আর্জেন্টাইন অধিনায়ক।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলের প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনের পরিবর্তে মেসি পুনরুদ্ধারমূলক (রিকভারি) কার্যক্রমে সময় কাটিয়েছেন। দীর্ঘ সময়ের ম্যাচের ধকল কাটিয়ে তাকে সেমিফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত করতেই কোচিং স্টাফ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

নকআউট পর্বে টানা দুই ম্যাচে অতিরিক্ত সময় খেলতে হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। শেষ ষোলোতে মিসর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিট করে মাঠে থাকতে হয়েছে মেসিসহ পুরো দলকে। ফলে খেলোয়াড়দের ওপর বাড়তি শারীরিক চাপ তৈরি হয়েছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে গোলের দেখা পাননি মেসি। তবে আলেক্সিস মাক আলিস্তারের প্রথম গোলের আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। অতিরিক্ত সময় শুরুর আগেও গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেসের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে মেসি স্বীকার করেন, টানা কঠিন লড়াইয়ের কারণে দলের সবাই শারীরিকভাবে ক্লান্ত। তবে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে দ্রুত নিজেদের প্রস্তুত করার ব্যাপারে আশাবাদী তিনি। মেসি বলেন, “আমরা ক্লান্তি অনুভব করছি, তবে যতটা সম্ভব ভালোভাবে নিজেদের পুনরুদ্ধার করব। এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা জানি। ফাইনালে ওঠার জন্য আমরা নিজেদের সর্বোচ্চটা দেব।”

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা মেসি। তাই তার শারীরিক অবস্থা নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ ও উদ্বেগ দুটোই তৈরি হয়েছে। তবে দলের পক্ষ থেকে এখনো জানানো হয়নি, সেমিফাইনালে তার মাঠে নামা নিয়ে কোনো শঙ্কা রয়েছে কি না।