
ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সৌদি আরবে অবস্থানকারীদের জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের পর অবৈধভাবে অবস্থান করলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। সোমবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা একটি গুরুতর আইন লঙ্ঘন। এ অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি। পাশাপাশি তাকে কারাদণ্ড ভোগ করতে হতে পারে এবং আইন অনুযায়ী দেশ থেকে নির্বাসিত করা হতে পারে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাবিষয়ক আইন কার্যকর করা এবং প্রবেশ ভিসার অপব্যবহার বন্ধে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি দর্শনার্থীরা যেন অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করতেও নজরদারি বাড়ানো হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে, কেউ আবাসন, শ্রম বা সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইন লঙ্ঘন করলে তা যেন দ্রুত কর্তৃপক্ষকে জানানো হয়। এ জন্য ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন নম্বরও নির্ধারণ করা হয়েছে।
মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে তথ্য জানাতে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চল থেকে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমবাজার সুরক্ষা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অবৈধ অবস্থানকারীদের সংখ্যা কমাতে দেশজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা মনে করছেন, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও ভ্রমণকারীদের জন্য এ নির্দেশনা গুরুত্বপূর্ণ। তাই ভিসার মেয়াদ, আবাসন অনুমোদন ও অন্যান্য আইনি বিষয় সম্পর্কে সতর্ক থাকা জরুরি।
আপনার মতামত লিখুন :