লালপুরে ট্রেনে কাটা পড়ে হকার তরুণের মৃত্যু


লালপুর উপজেলা প্রতিনিধি,শামসুল ইসলাম প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
লালপুরে ট্রেনে কাটা পড়ে হকার তরুণের মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে আহমদ আলী (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের পূর্বপ্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহমদ আলী পাবনা জেলার চাটমোহর উপজেলার মো. ইউসুফ আলীর ছেলে। তিনি জীবিকার তাগিদে ট্রেনে ভ্রাম্যমাণ হকার হিসেবে বিভিন্ন পণ্য বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার সকালে ট্রেনে পণ্য বিক্রির উদ্দেশ্যে বের হন আহমদ আলী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তিনি বলেন, ট্রেনে হকারি করতে গিয়ে অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করেন, যার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনে অনিরাপদ চলাচল বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।