ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে মেঘনায় মৎস্যপোনা অবমুক্ত


স্টাফ রিপোর্টার,আল-আমিন প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে মেঘনায় মৎস্যপোনা অবমুক্ত

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে মৎস্যপোনা অবমুক্ত করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় জেলার মতিরহাট স্পটে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ কর্মসূচির মাধ্যমে নদী ও জলজ সম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এইচ এম ইসমাইল সিরাজী। এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, জেলা দপ্তর সম্পাদক কামরুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মহি উদ্দিন, চর রমনী থানা সাংগঠনিক শাখার সভাপতি হাফেজ মো. শাহজাহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, নদী ও জলাশয়ের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মৎস্যসম্পদ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ২০১৬ সালের ২৮ জুলাই প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা শাখার এ উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসা পেয়েছে।