
দেশের শিল্পখাতকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ব্যবসায়ী মহলের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ও সৌদি আরব-বাংলাদেশ চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আশাবাদী এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।
তিনি বলেন, দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে হলে শিল্পখাতের উন্নয়ন জরুরি। শিল্প খাত ভালো না করলে সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে না। তাই শিল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে বিটিএমএর পক্ষ থেকে শিল্পখাতের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয় তুলে ধরা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কয়েকটি বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান করা হয়েছে। বাকি বিষয়গুলোও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
তিনি বলেন, “আমরা চাই দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো ভালো করুক। অর্থনীতি এগিয়ে নিতে হলে শিল্পখাতকে শক্তিশালী করতে হবে।”
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে শিল্পখাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ব্যবসায়ীদের সমস্যাগুলো নিয়ে নিয়মিত আলোচনা করে কার্যকর সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়া হবে।
তিনি জানান, ব্যবসার পরিবেশ সহজ করতে সরকার বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণ শিথিল করার উদ্যোগ নিয়েছে। এরপরও যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা চলছে এবং পর্যায়ক্রমে সমাধান করা হবে।
বৈঠকে সৌদি আরবের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং বিকল্প অর্থায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
আপনার মতামত লিখুন :