জাতীয় পরিবেশ পদক পেলো ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৯, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ
জাতীয় পরিবেশ পদক পেলো ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষয়ে শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন।

অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

এ বছর পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে পদক পেয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন মো. মনির হোসেন। আর পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পদক অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রো-ভাইস চ্যান্সেলর ও অধ্যাপক প্রফেসর ড. আব্দুস সালাম।

প্রতিষ্ঠান পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক পেয়েছে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। আর পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে পদক পেয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশ্বের বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে শঙ্কা জানিয়ে তিনি পরিবেশ রক্ষায় দেশের সর্বস্তরের মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি।