মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়: পূর্ণিমা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির অনুপ্রেরণাদায়ী পারফরম্যান্সে রোমাঞ্চকর জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে টানা দুই গোল হজম করার পরও দারুণ প্রত্যাবর্তন করে অতিরিক্ত সময়ে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শ্বাসরুদ্ধকর এই ম্যাচের পর বিশ্বের বিভিন্ন প্রান্তের আর্জেন্টিনা সমর্থকদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাও।

প্রিয় দলের জয় উদযাপন করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আর্জেন্টিনার জার্সি পরা কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী অসাধারণ একটি রাত।’

এরপর মেসি ও দলের প্রশংসা করে পূর্ণিমা লেখেন, যখন সবাই মনে করেছিল ম্যাচ শেষ, তখন মেসি এবং তার সতীর্থরা প্রমাণ করেছেন প্রকৃত চ্যাম্পিয়নরা কীভাবে সাহস, আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতা দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। পোস্টের শেষেও তিনি ‘আলহামদুলিল্লাহ’ লিখে নিজের আনন্দ প্রকাশ করেন।

পূর্ণিমার এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যের ঘরে আর্জেন্টিনা সমর্থকরা দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করার পাশাপাশি অভিনেত্রীর অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।