রামগতিতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু


স্টাফ রিপোর্টার,আল-আমিন প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
রামগতিতে পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামে দুই চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার ৭ নম্বর চররমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মায়েশা খন্দকারপাড়ার প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদ একই এলাকার টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশে একসঙ্গে খেলছিল দুই শিশু। খেলাধুলার একপর্যায়ে মুজাহিদ অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মায়েশাও পানিতে নেমে ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দুই শিশুকে উদ্ধার করে দ্রুত রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদ জাহান জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনার পর তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।