
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
এই ম্যাচে একাদশে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ। গত ম্যাচে ক্র্যাম্পের সমস্যায় পড়া ফাকুন্দো মেদিনার পরিবর্তে লেফট-ব্যাক হিসেবে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে থিয়াগো আলমাদার জায়গায় খেলবেন লেয়ান্দ্রো পারেদেস। আর আক্রমণভাগে লাউতারো মার্টিনেজের পরিবর্তে লিওনেল মেসির সঙ্গী হিসেবে দায়িত্ব পালন করবেন হুলিয়ান আলভারেস।
নকআউট পর্বের এই ম্যাচে জয় পেলেই শেষ আটে জায়গা নিশ্চিত করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে আলবিসেলেস্তারা।
শেষ ষোলোয় ওঠার পথে বেশ কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। গত শুক্রবার মিয়ামিতে কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে ৩-২ গোলের জয় তুলে নেয় স্কালোনির শিষ্যরা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
সেই ম্যাচে ২৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে ডেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্টিনেজ আবারও আর্জেন্টিনাকে এগিয়ে নিলেও সিডনি লোপেস গোল করে ম্যাচে সমতা ফেরান। শেষ পর্যন্ত ১১১ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে নাটকীয় জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
মিশরের বিপক্ষে আজকের ম্যাচে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া একাদশ নিয়েই মাঠে নামছে স্কালোনির দল। সমর্থকদের প্রত্যাশা, অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, এনসো ফের্নান্দেস, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেস ও লিওনেল মেসি।
আপনার মতামত লিখুন :