মেসির চাপ কমাতে স্কালোনির নতুন পরিকল্পনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
মেসির চাপ কমাতে স্কালোনির নতুন পরিকল্পনা

মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা দলে তিনটি পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। দলের অধিনায়ক লিওনেল মেসির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পুরো দলকে আরও ভারসাম্যপূর্ণ ও কার্যকর করে তুলতেই এই কৌশল নিয়েছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ।

মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে নির্ধারিত সময় অনুযায়ী অনুশীলন করেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া দলের খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন স্কালোনি।

কোচের পরিকল্পনা অনুযায়ী, বল হারানোর পর দ্রুত প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে খেলার গতি বাড়াতে চায় আর্জেন্টিনা। এতে মেসির ওপর থেকে বাড়তি দায়িত্ব কমবে এবং দলের অন্য খেলোয়াড়রাও আক্রমণ ও রক্ষণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন স্কালোনি।

রক্ষণভাগে প্রথম পরিবর্তন আসছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে চোটের কারণে মাঠ ছাড়তে হওয়া ফাকুন্দো মেদিনার জায়গায় ফিরছেন অভিজ্ঞ বাঁ-ব্যাক নিকোলাস তালিয়াফিকো। মেদিনাকে সতর্কতার অংশ হিসেবে বিশ্রামে রাখা হচ্ছে।

মাঝমাঠেও পরিবর্তন আনছেন স্কালোনি। থিয়াগো আলমাদার পরিবর্তে একাদশে ফিরছেন লিয়েন্দ্রো পারেদেস। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনা কোচ। পারেদেসকে সঙ্গে নিয়ে রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফের্নান্দেসের সমন্বয়ে তৈরি হবে পরিচিত মিডফিল্ড, যা ২০২২ কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে সফল হয়েছিল।

আক্রমণভাগেও দেখা যাবে পরিবর্তন। লাউতারো মার্তিনেজের জায়গায় একাদশে ফিরছেন হুলিয়ান আলভারেজ। চোট কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড বল হারানোর পর দ্রুত প্রেসিং এবং প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরিতে বেশি কার্যকর হওয়ায় তাকে শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট।

মিশরের বিপক্ষে জয় পেলেই কোয়ার্টার ফাইনালের পথে বড় অগ্রগতি হবে আর্জেন্টিনার। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে আরও ভারসাম্যপূর্ণ দল নিয়ে মাঠে নামতে চাইছেন স্কালোনি।

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
মার্তিনেজ, নাহুয়েল মলিনা, রোমেরো, লিসান্দ্রো, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, লিয়েন্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।