আদমদীঘিতে লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য ব্যবসা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা


শারমিন খাতুন: প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
আদমদীঘিতে লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য ব্যবসা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স নবায়ন ছাড়াই মৎস্য খাদ্য ভান্ডার পরিচালনার দায়ে তিনটি প্রতিষ্ঠানের মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার বাজার এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার কয়েকটি মৎস্য খাদ্য ভান্ডার লাইসেন্স নবায়ন না করে সরকারি বিধি লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় হাবিবুল্লাহ মৎস্য খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মোস্তফাকে ৫ হাজার টাকা, মাসুদ রানা মৎস্য খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী মাসুদ রানাকে ৫ হাজার টাকা এবং মেসার্স সরকার ট্রেডার্সের স্বত্বাধিকারী মুজাহিদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্সবিহীন ব্যবসা এবং সরকারি বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।