
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্যখাতের অন্যতম বড় সমস্যা হলো জনসংখ্যার তুলনায় স্বাস্থ্যসেবা প্রদানকারীর সংখ্যা কম। এ সংকট মোকাবিলায় সরকার তরুণ স্বাস্থ্য উদ্যোক্তাদের উৎসাহিত করছে এবং স্বাস্থ্যখাতে নতুন উদ্ভাবন ও উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্য উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যা অনেক বেশি হলেও সেই তুলনায় স্বাস্থ্যসেবা দেওয়ার মতো জনবল কম রয়েছে। এটি স্বাস্থ্যখাতের বড় একটি চ্যালেঞ্জ। এই সংকট কাটিয়ে উঠতে দক্ষ জনবল তৈরি, নতুন উদ্যোগ এবং উদ্ভাবনী কার্যক্রম বাড়ানো প্রয়োজন।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বর্তমানে সরকার ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করছে। আগের সময়ের তুলনায় এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যখাতে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। স্বাস্থ্য উদ্যোক্তা খাত দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন নতুন উদ্যোগ ও প্রযুক্তির ব্যবহার বাড়লে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
তিনি বলেন, বাংলাদেশে অনেক দক্ষ ও খ্যাতনামা চিকিৎসক রয়েছেন, যারা চিকিৎসাক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন। পাশাপাশি দেশের উৎপাদিত ওষুধের মানও আন্তর্জাতিক পর্যায়ের বলে উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নে উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এর মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও আধুনিক করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :