
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন শেষে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বেনজির আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহিদুল আনোয়ার, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা এবং বিআরডিবি চেয়ারম্যান মোমিনুর রশিদ তালুকদার মিমসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :