
নওগাঁর আত্রাই উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, সার, চারা ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ কর্মসূচির মাধ্যমে উপজেলার মোট ২ হাজার ৫০৬ জন কৃষক বিভিন্ন ধরনের কৃষি উপকরণ ও সহায়তা পাচ্ছেন। বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে উফশী রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, উন্নত জাতের লেবুর চারা, গ্রীষ্মকালীন পেঁয়াজ (এন-৫৩) বীজ, ডিএপি ও এমওপি সার, জৈব সার, বালাইনাশক এবং বৃক্ষরোপণের চারা। এছাড়া পেঁয়াজ সংরক্ষণের জন্য নির্বাচিত কৃষকদের মাঝে আধুনিক ‘এয়ার ফ্লো মেশিন’ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা, বাঁশের খুঁটি ও জৈব সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতেই সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, চলতি অর্থবছরে উফশী রোপা আমনের জন্য ১ হাজার ৮০০ জন, গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য ২৩০ জন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে ৪০০ জনসহ মোট ২ হাজার ৫০৬ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। তিনি আরও বলেন, পেঁয়াজ সংরক্ষণে এবার প্রথমবারের মতো আধুনিক ‘এয়ার ফ্লো মেশিন’ সরবরাহ করা হচ্ছে, যা পচন রোধ ও সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু। তিনি বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অপরিসীম। সরকার কৃষকদের দোরগোড়ায় উন্নতমানের বীজ, সার ও কৃষি উপকরণ পৌঁছে দিয়ে উৎপাদন বৃদ্ধি এবং কোনো জমি অনাবাদী না রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি প্রণোদনা পাওয়া কৃষকদের আন্তরিকতার সঙ্গে চাষাবাদ করে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মসূচির আওতায় উফশী রোপা আমন চাষের জন্য ১ হাজার ৮০০ জন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৭৭ কেজি জৈব সার প্রদান করা হয়। এছাড়া হাইব্রিড মরিচ, গ্রীষ্মকালীন শাকসবজি, লেবু, গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নির্ধারিত কৃষকদের প্রয়োজনীয় বীজ, চারা, সার, বালাইনাশক ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। পেঁয়াজ সংরক্ষণের জন্য ৬ জন কৃষককে একটি করে আধুনিক ‘এয়ার ফ্লো মেশিন’ও প্রদান করা হয়েছে।
উপকরণ বিতরণ শেষে অতিথিরা কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে মাঠ পর্যায়ে যেকোনো সমস্যায় কৃষি বিভাগের পরামর্শ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আপনার মতামত লিখুন :