আর্থিক সংকট ও অসুস্থতায় শয্যাশায়ী লোকশিল্পী কাঙালিনী সুফিয়া, চিকিৎসা সহায়তার আকুতি


স্টাফ রিপোর্টার, নাসিম খান প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
আর্থিক সংকট ও অসুস্থতায় শয্যাশায়ী লোকশিল্পী কাঙালিনী সুফিয়া, চিকিৎসা সহায়তার আকুতি

“কোনবা পথে নিতাইগঞ্জে যাই”, “পরাণের বান্ধব রে”, “বুড়ি হইলাম তোর কারণে”—এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রখ্যাত লোকশিল্পী ও বাউল সাধিকা কাঙালিনী সুফিয়া জীবনের শেষ প্রান্তে এসে চরম অসুস্থতা ও অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছেন।

রাজবাড়ীর কল্যাণপুরে কন্যা পুষ্প বেগমের সংসারে শয্যাশায়ী অবস্থায় দিন কাটছে এই গুণী শিল্পীর। সম্প্রতি নিজ বাড়ির বাথরুমে পড়ে গিয়ে তাঁর ডান হাত ভেঙে যায়। তবে অর্থাভাবে উন্নত চিকিৎসা গ্রহণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

শারীরিক যন্ত্রণা ও অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন এই বরেণ্য লোকশিল্পী। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগলেও প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গেছে।

কাঙালিনী সুফিয়া বলেন, “বয়স হয়ে গেছে, এখন আর কেউ খোঁজ নেয় না। টাকার অভাবে হাতের চিকিৎসা করাতে পারছি না। ভালো চিকিৎসা পেলে বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারতাম।”

এক সময় দেশ-বিদেশে অসংখ্য মঞ্চে গান পরিবেশন করে খ্যাতি অর্জনকারী এই শিল্পী প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে জীবনের শেষ সময়ে এসে তিনি রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ চিকিৎসা সহায়তা ও স্বীকৃতির প্রত্যাশা করছেন।

তাঁর মেয়ে পুষ্প বেগম বলেন, মায়ের বয়স ও শারীরিক অবস্থার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। আর্থিক সীমাবদ্ধতায় উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তিনি সরকারের কাছে মায়ের চিকিৎসা সহায়তার জন্য আকুল আবেদন জানান।

সংস্কৃতিপ্রেমীরা এই লোকশিল্পীর দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।