২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ বঞ্চিত আরও ৭৭ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে রোববার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক হিসেবে বিবেচিত হবেন এবং তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে কার্যকর হবে। অর্থাৎ, তাদের ধারণাগত জ্যেষ্ঠতা ওই তারিখ থেকেই গণ্য করা হবে। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা প্রদান করা হবে না।

সরকারি সূত্র জানায়, দীর্ঘ আইনি জটিলতা ও একাধিক রিট-আপিল নিষ্পত্তির পর ২৭তম বিসিএস নিয়ে ধারাবাহিকভাবে নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ৬৭৩ জন এবং চলতি বছরের ১৩ মে আরও ৯৬ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল। সর্বশেষ এই ধাপে আরও ৭৭ জন নিয়োগ পেলেন।

উল্লেখ্য, ২৭তম বিসিএস নিয়ে জটিলতার সূত্রপাত ঘটে ২০০৭ সালে। ওই বছরের ২১ জানুয়ারি প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ হন ৩ হাজার ৫৬৭ জন। তবে পরবর্তীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই ফল বাতিল করা হয়। এরপর দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নিয়ে নতুন ফল প্রকাশ করা হয়, যাতে ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন এবং তাদের চাকরি দেওয়া হয়।

পরবর্তী সময়ে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দীর্ঘ আইনি লড়াইয়ে যান। বিভিন্ন আদালতের রায় ও আপিল প্রক্রিয়ার মাধ্যমে অবশেষে বঞ্চিত প্রার্থীদের নিয়োগের পথ খুলে যায়।

এর ধারাবাহিকতায় একাধিক ধাপে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হচ্ছে, যার অংশ হিসেবে এবার আরও ৭৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলো।