কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বৃদ্ধির সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেন।

সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, শিল্পখাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ বাড়বে।

এ সময় তিনি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে বাস্তবসম্মত ও কার্যকর পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা, নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপরও জোর দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, কার্বন ক্রেডিট অর্জনের জন্য একটি সমন্বিত কাঠামো থাকা জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয় বৈঠকে। সভায় উপস্থিত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, পরিকল্পিতভাবে কার্বন নিঃসরণ কমাতে পারলে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে কার্বন ক্রেডিট অর্জনের মাধ্যমে আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ তৈরি করতে পারবে।

উল্লেখ্য, কার্বন ক্রেডিট হলো একটি আন্তর্জাতিক পরিবেশগত ও আর্থিক ব্যবস্থা, যেখানে এক মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড বা সমপরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো বা অপসারণের বিপরীতে একটি ক্রেডিট অর্জিত হয়। এসব ক্রেডিট পরবর্তীতে বাজারে বিক্রি করা যায়। বিশেষজ্ঞদের মতে, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিস্তার ঘটাতে পারলে বাংলাদেশ কার্বন ট্রেডিং বাজারে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।