বিশ্বকাপে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
বিশ্বকাপে ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল হিসেবে এখনো নিজেদের অবস্থান ধরে রেখেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা শুধু শিরোপা জয়ের দিক থেকেই নয়, বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি ১৩ বার জায়গা করে নেওয়ার রেকর্ডও নিজেদের দখলে রেখেছে। তবে সেই রেকর্ডে এখন দ্রুতই হুমকি হয়ে উঠছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

চলমান বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে ১১তমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার কৃতিত্ব অর্জন করেছে আলবিসেলেস্তেরা। ফলে নকআউট পর্বে ওঠার সংখ্যায় ব্রাজিলের সঙ্গে তাদের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র দুই আসরে।

অন্যদিকে জাপানকে ২-১ গোলে হারিয়ে ১৩তমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশিবার খেলার রেকর্ডটি এখনো তাদের দখলেই রয়েছে।

এবার স্পেনও দশমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়ে নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে। তবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি শেষ ৩২-এর বাধা পেরোতে পারেনি। প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ায় বিশ্বকাপে ১০ বার শেষ ষোলোতে ওঠার রেকর্ডেই আটকে থাকতে হয়েছে জার্মানদের।

বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনার ধারাবাহিকতা বেশ ঈর্ষণীয়। মাত্র একবারই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল দলটি। ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপে শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা। এরপর অনুষ্ঠিত প্রতিটি বিশ্বকাপেই তারা নকআউট পর্ব নিশ্চিত করেছে।

ব্রাজিলের তুলনায় আর্জেন্টিনা কিছুটা পিছিয়ে থাকার পেছনে রয়েছে ঐতিহাসিক একটি কারণও। ১৯৩৮ সালের বিশ্বকাপে অংশ নেয়নি আর্জেন্টিনা, অথচ সেই আসরে খেলেছিল ব্রাজিল। ফলে শুরু থেকেই নকআউট পর্বে ওঠার সংখ্যায় এগিয়ে যায় সেলেসাওরা। তবে সময়ের সঙ্গে সেই ব্যবধান দ্রুত কমিয়ে এনেছে আকাশি-নীলরা।

বিশ্বকাপে সবচেয়ে বেশিবার শেষ ষোলোতে ওঠার রেকর্ড এখনো ব্রাজিলের দখলে থাকলেও, আর্জেন্টিনার ধারাবাহিক পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে—আগামী আসরগুলোতে এই ব্যবধান আরও কমে আসতে পারে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর রেকর্ডের এই লড়াই তাই বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।