মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি: পানিসম্পদমন্ত্রী’র


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি: পানিসম্পদমন্ত্রী’র

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, কিছু প্রভাবশালী ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে, তবে তারা সাময়িক প্রভাবশালী। মাদক ব্যবসা ছেড়ে দিতে হবে, অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, “মাদক ব্যবসা ছেড়ে দেন। না হলে কেউ যদি গর্তে পড়ে, তাকে উদ্ধার করার কেউ থাকবে না।” তিনি আরও বলেন, প্রশাসন প্রশাসনিক নিয়মে এবং রাজনৈতিক কার্যক্রম রাজনৈতিক গতিতেই চলবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়েছে। তবে এখন থেকে এসব বিষয়ে কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য হবে না বলে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী নিজস্ব নিয়মে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।

নারী উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারী বান্ধব নীতি অনুসরণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচির মাধ্যমে নারীদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই সহায়তার মাধ্যমে নারীরা সংসারের ব্যয় মেটানোর পাশাপাশি সঞ্চয়ও করতে পারছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, একজন সচেতন মা পরিবারকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, আর সেই পরিবার থেকেই শিক্ষিত প্রজন্ম গড়ে ওঠে। তাই এই ধরনের সামাজিক সহায়তা কার্যক্রমকে তিনি “বিনিয়োগ” হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।