
লক্ষ্মীপুরের রামগতিতে প্রান্তিক কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সুবিধাভোগী কৃষকদের মধ্যে পাওয়ার ট্রিলার বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক-এর মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর-১ অঞ্চলের রামগতি এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইউসুফ, আঞ্চলিক ব্যবস্থাপক (লক্ষ্মীপুর-১ অঞ্চল)। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক (দাবি) রামগতি নাজমুল হোসেন মজুমদার, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মো. হাফিজুর রহমান এবং শাখা ব্যবস্থাপক রামদয়াল শেখর সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে পারলে সময় ও শ্রম সাশ্রয় হবে এবং কৃষকদের উৎপাদন খরচ কমবে। পাশাপাশি প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শাখা ব্যবস্থাপক মো. রইস উদ্দিন জানান, অনুষ্ঠানে রামগতি উপজেলার বিবিরহাট এলাকার সুবিধাভোগী দম্পতি রোকসানা আক্তার ও আব্দুল মান্নানকে একটি পাওয়ার ট্রিলার প্রদান করা হয়। তিনি বলেন, উপকূলীয় এলাকা বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, কৃষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর চাষাবাদের প্রসার ঘটলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
আপনার মতামত লিখুন :