সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আগামী ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচির মুনাফার হার অপরিবর্তিত রেখেছে সরকার। ফলে আগামী ডিসেম্বর পর্যন্ত আগের হারেই মুনাফা পাবেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সহকারী সচিব ফারহানা জাহান উপমা-এর সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, জাতীয় সঞ্চয় স্কিমগুলোর জন্য চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদহার বলবৎ ছিল, তা আগামী জুলাই-ডিসেম্বর সময়েও একই থাকবে। নতুন সিদ্ধান্তটি ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সঞ্চয়পত্রের মুনাফার হার সাধারণত বছরে দুইবার নির্ধারণ করা হয়—জানুয়ারি-জুন এবং জুলাই-ডিসেম্বর মেয়াদে। তবে চলতি মেয়াদে কোনো পরিবর্তন আনা হয়নি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্কিমভেদে মুনাফার হার সর্বোচ্চ ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত থাকবে। বিনিয়োগের পরিমাণ অনুযায়ী (৭ লাখ ৫০ হাজার টাকার কম বা বেশি) এবং মেয়াদ অনুযায়ী ভিন্ন ভিন্ন হারে মুনাফা প্রদান অব্যাহত থাকবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগকারীদের ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রে মেয়াদ পূর্ণ হওয়ার আগে নগদায়নের সময় প্রথম বছরে ৯ দশমিক ৭৪ শতাংশ থেকে শুরু করে পঞ্চম বছরে ১১ দশমিক ৮৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে। অন্যদিকে বেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে হার কিছুটা কম-বেশি থাকবে। এছাড়া ৩ মাস অন্তর মুনাফা প্রদানকারী স্কিমে প্রথম থেকে তৃতীয় বছর পর্যন্ত মুনাফার হার ১০ দশমিক ৬০ শতাংশ থেকে ১১ দশমিক ৮২ শতাংশের মধ্যে নির্ধারিত থাকবে।

পেনশন, পরিবার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটসহ বিভিন্ন স্কিমেও একই কাঠামো অনুযায়ী মুনাফার হার বহাল রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয় বলছে, সঞ্চয়পত্রের এই হার অপরিবর্তিত রাখার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখা এবং বিদ্যমান আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।