
নেত্রকোনা সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ বা ‘পুশইন’ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে ৩১ বিজিবি। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কলমাকান্দা সীমান্তের চন্দ্রডিঙা এলাকাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে বিজিবি সদস্যরা অস্ত্রসহ অবস্থান নিয়ে নিয়মিত টহল দিচ্ছেন। সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা চোরাচালানের ঘটনা না ঘটে, সেজন্য ২৪ ঘণ্টা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্তে সম্ভাব্য যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই।
সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে।
বিজিবি জানিয়েছে, দেশের নিরাপত্তা ও সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :