
কক্সবাজারের চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া পুকুরিয়া খোলা গ্রামের কফিল উদ্দিনের দোকান থেকে হাফেজ বেলালের বাড়ি পর্যন্ত কাঁচা সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, সরকারি নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়ন থেকে গ্রামটি এখনো বঞ্চিত।
স্থানীয়দের ভাষ্য, প্রায় তিন শতাধিক মানুষের বসবাস এই গ্রামে। পাশাপাশি শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বিদ্যালয়ে যাতায়াত করে। কৃষিপ্রধান এ এলাকার মানুষের জীবন-জীবিকা অনেকাংশেই এই সড়কের ওপর নির্ভরশীল হলেও দীর্ঘদিনেও সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটি কাদায় পরিণত হয়ে প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও রোগীদের ভোগান্তি চরমে পৌঁছে। জরুরি অসুস্থ রোগী কিংবা প্রসূতি মাকে হাসপাতালে নিতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়তে হয়। সড়কের বেহাল অবস্থার কারণে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন প্রবেশ করতে পারে না। ফলে সময়মতো চিকিৎসাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে রোগীর জীবনও ঝুঁকির মুখে পড়ে বলে দাবি করেন তারা।
কৃষকদের অভিযোগ, এলাকায় উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্যের ব্যাপক চাহিদা থাকলেও উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় বাজারজাতকরণে অতিরিক্ত পরিবহন ব্যয় বহন করতে হচ্ছে। পাশাপাশি সময়মতো পণ্য বাজারে পৌঁছাতে না পারায় ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।
স্থানীয় ভোটারদের দাবি, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন আর দেখা যায় না। বারবার সংশ্লিষ্টদের কাছে আবেদন জানিয়েও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
এলাকাবাসী বলেন, একটি এলাকার উন্নয়নের অন্যতম পূর্বশর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। তাই কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। একই সঙ্গে দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে কফিল উদ্দিনের দোকান থেকে হাফেজ বেলালের বাড়ি পর্যন্ত সড়কটি দ্রুত নির্মাণের জোর দাবি জানিয়েছেন উত্তরপাড়া পুকুরিয়া খোলা গ্রামের বাসিন্দারা।
আপনার মতামত লিখুন :