বড় পতনের পর দেশে আজ সোনা ও রুপার ভরি কত?


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
বড় পতনের পর দেশে আজ সোনা ও রুপার ভরি কত?

দেশের বাজারে সোনার দাম আপাতত অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী বৃহস্পতিবার (২ জুলাই) ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়।

এর আগে গত ৩০ জুন স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমে যাওয়ায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করে বাজুস। সেই সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে একই দামে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যই কার্যকর থাকবে।

বর্তমান মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি যুক্ত হবে। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

সোনার পাশাপাশি রুপার দামও আগের ঘোষিত মূল্য অনুযায়ী বহাল রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৪১ টাকা। রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত বিষয়ে খুব শিগগিরই পৃথক সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।