সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির আভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপ সৃষ্টি হলে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১ জুলাই) সকালে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তবে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে এর প্রভাবে সারাদেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পাবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে লঘুচাপের সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে লঘুচাপ সৃষ্টি হলে বৃষ্টির বিস্তার ও তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এদিকে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, বর্ষাকালে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ দেশের আবহাওয়ায় বড় ধরনের প্রভাব ফেলে। এর ফলে একদিকে যেমন বৃষ্টিপাত বাড়ে, অন্যদিকে অনেক এলাকায় জলাবদ্ধতা ও সাময়িক দুর্ভোগ তৈরি হতে পারে। তাই ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।