
“শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও আত্মমর্যাদা নিশ্চিত করার গুরুত্বকে তুলে ধরার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়ে আসছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। শোভাযাত্রা শেষে অংশগ্রহণকারীরা কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রীমঙ্গল কার্যালয়ের উপ-মহা পরিদর্শক ও মৌলভীবাজার জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্য সচিব তপন বিকাশ তঞ্চঙ্গা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী উপ-মহাপরিদর্শক পপি রানী দে।
এতে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল হোটেল মালিক সমিতির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধি, এনজিও কর্মী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, দারিদ্র্য, শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের বিস্তার শিশুশ্রম বৃদ্ধির প্রধান কারণ। উন্নয়নশীল দেশগুলোতে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে, যেখানে অনেক পরিবার বাধ্য হয়ে শিশুদের শ্রমে যুক্ত করছে।
তারা আরও বলেন, শিশুশ্রম শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের বিকাশকেও বাধাগ্রস্ত করে। এ সমস্যা সমাধানে সরকার, আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে মত দেন বক্তারা।
আপনার মতামত লিখুন :