দেশের বাজারে আবারও কমল সোনার দাম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
দেশের বাজারে আবারও কমল সোনার দাম

দেশের বাজারে আবারও বড় ব্যবধানে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।

সোমবার (২৯ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

সংগঠনটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে। তবে অলঙ্কারের নকশাভেদে মজুরি যুক্ত হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানিয়েছে বাজুস।

এর আগে গত ২৭ জুন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। মাত্র দুই দিনের ব্যবধানে সেই দাম আবার কমানো হলো।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে সোনার দাম ৮৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪১ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়। ওই বছরে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

অন্যদিকে, দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকা দরে। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫০ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২৫ বার বেড়েছে এবং ২৫ বার কমেছে।