ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৯ জেলায় বন্যার শঙ্কা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৯ জেলায় বন্যার শঙ্কা

দেশজুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এ পরিস্থিতিতে অন্তত ৯ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা ও প্লাবনের শঙ্কা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রোববার (২৮ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।

এছাড়া আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে এসব জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ১ থেকে ৩ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার ব্রহ্মপুত্র–যমুনা নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে, ফলে এসব অঞ্চলের নিম্নাঞ্চলে আংশিক প্লাবনের ঝুঁকি রয়েছে।

পাউবো জানিয়েছে, টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।