ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ‘এ’ ক্যাপসুল মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, সরকারের কাছে বর্তমানে প্রায় ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ ক্যাপসুল সংরক্ষিত আছে।

রোববার (২৮ জুন) রাজধানীর আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবার সারা দেশে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সীদের উচ্চমাত্রার লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, কোনো শিশু নির্ধারিত দিনে ক্যাপসুল খেতে না পারলে পরবর্তী দিনে নির্ধারিত কেন্দ্রে গিয়ে তা গ্রহণ করতে পারবে। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের পর অন্তত ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

এ সময় তিনি দাবি করেন, পূর্ববর্তী সময়ে পর্যাপ্ত টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ঘাটতির কারণে হামের প্রকোপ বেড়েছিল। তবে এবার হামের টিকাদানে শতভাগ কাভারেজ নিশ্চিত করা হয়েছে এবং বাদ পড়া শিশুদেরও টিকার আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, সরবরাহ করা হামের টিকা অত্যন্ত উন্নত মানের এবং এ নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ নেই।