তীব্র গরমে মধ্যরাতের লোডশেডিংয়ে অতিষ্ঠ কলমাকান্দার মানুষ


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
তীব্র গরমে মধ্যরাতের লোডশেডিংয়ে অতিষ্ঠ কলমাকান্দার মানুষ

প্রচণ্ড গরমের মধ্যে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গভীর রাতে ঘন ঘন ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্টের শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন রাত নামার পর উপজেলার প্রায় সব এলাকায় একাধিকবার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। অনেক সময় একটানা এক থেকে দুই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় গরমে ঘুমানো কষ্টকর হয়ে পড়ছে, ফলে অনেক পরিবারকে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।

বাসিন্দারা জানান, বিদ্যুৎ চলে গেলে ফ্যানসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ হয়ে যায়। এতে শিশুদের কান্না, বৃদ্ধদের শ্বাসকষ্ট এবং অসুস্থ রোগীদের ভোগান্তি আরও বেড়ে যায়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও কর্মজীবী মানুষের দৈনন্দিন জীবনেও নেতিবাচক প্রভাব পড়ছে।

এলাকাবাসীর দাবি, বিদ্যুৎ বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ দ্রুত জানিয়ে সমস্যার স্থায়ী সমাধান করা প্রয়োজন। বিশেষ করে তীব্র গরমের সময়ে মধ্যরাতের ঘন ঘন লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

তারা আশা প্রকাশ করেন, বিদ্যুৎ বিভাগ দ্রুত ব্যবস্থা নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে এবং জনদুর্ভোগ কমাবে।