চেকপোস্টে বোমাসদৃশ বস্তুর ভেতরে মিলল ইয়াবার চালান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ
চেকপোস্টে বোমাসদৃশ বস্তুর ভেতরে মিলল ইয়াবার চালান

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে চেকপোস্টে তল্লাশির সময় বোমাসদৃশ একটি বস্তু থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচে পরিচালিত এক অভিযানে এ ঘটনা ঘটে।

১ এপিবিএনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর জানান, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা থামানো হয়। এ সময় অটোরিকশায় থাকা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করার উদ্যোগ নেওয়া হয়।

তল্লাশির সময় ওই ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি করে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি তার হাতে থাকা একটি কালো ব্যাগ থেকে বোমাসদৃশ একটি বস্তু ফেলে দেন। পরে উপস্থিত জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

আটকের পর ঘটনাস্থলে পড়ে থাকা বোমাসদৃশ বস্তুটি তল্লাশি করে এর ভেতর থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদকগুলো বিশেষ কৌশলে বোমার আদলে তৈরি প্যাকেজে বহন করা হচ্ছিল। এপিবিএনের একটি দল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যদের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় যাচাই এবং তার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে মাদক পাচার ও সরবরাহ রোধে নিয়মিত তল্লাশি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।