
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিককে হুইলচেয়ারে দেখা যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তাকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং চলাফেরায় অন্যের সহায়তা নিতে হচ্ছে।
গত ২৩ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ গ্রহণ করেন অলকা ইয়াগনিক। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মাননা নেওয়ার পরই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় অলকা ইয়াগনিক জানান, গত দুই বছর ধরে তিনি একটি কঠিন শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করছেন। এই সময়ে ভক্তদের ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন তাঁকে শক্তি দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‘পদ্মভূষণ’ সম্মাননা পাওয়া প্রসঙ্গে অলকা বলেন, এই অর্জন শুধু তাঁর একার নয়, বরং তাঁর সব শ্রোতা, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের। তিনি জানান, ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন এবং ভক্তদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করতেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুনে অলকা ইয়াগনিক জানিয়েছিলেন, একটি বিমানযাত্রার পর হঠাৎ করেই তাঁর শ্রবণশক্তি কমে যায়। পরে চিকিৎসকেরা তাঁর একটি বিরল শ্রবণজনিত রোগ শনাক্ত করেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সংগীতচর্চা থেকে কিছুটা দূরে আছেন।
চার দশকের বেশি সময় ধরে বলিউডসহ ভারতীয় সংগীতাঙ্গনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন অলকা ইয়াগনিক। তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ কোটি ভক্ত এখন তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
আপনার মতামত লিখুন :