এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
এবার ৬.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ভূমিকম্পের পর এবার পূর্ব এশিয়ার দেশ জাপানে আঘাত হেনেছে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। তবে এ ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো ধরনের সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের পর দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি দুর্যোগ ব্যবস্থাপনার জন্য ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়নের নির্দেশ দিয়েছেন।

জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব মিনোরু কিহারা জানান, ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

তিনি আরও জানান, দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতেও কোনো ধরনের অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি কুজি শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের প্রায় ৫১ দশমিক ৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভূমিকম্পের প্রভাবে দেশটির রেল যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটে। জেআর ইস্ট নামে পরিচিত ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি উত্তরাঞ্চলের শিন-আওমোরি থেকে রাজধানী টোকিও পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হওয়ায় দেশটিতে নিয়মিত ভূমিকম্প মোকাবিলায় বিশেষ প্রস্তুতি ব্যবস্থা রয়েছে। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।