খুলনা ও বাগেরহাটের ১৫ প্লাজায় ওয়ালটনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


খুলনা জেলা প্রতিনিধি, নুরুল হুদা প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
খুলনা ও বাগেরহাটের ১৫ প্লাজায় ওয়ালটনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সারাদেশের মতো একযোগে খুলনা অঞ্চলেও (খুলনা ও বাগেরহাট) ওয়ালটনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ অঞ্চলের মোট ১৫টি প্লাজায় দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় খুলনা মহানগরীর গল্লামারি প্লাজায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এর আগে সকাল ১০টায় জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকায় ওয়ালটনের প্রধান কার্যালয় থেকে সারাদেশের ৭ শতাধিক প্লাজায় একযোগে এই ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এসএম মাহবুবুল আলম (খালিদ) এবং ব্যবস্থাপনা পরিচালক এমডি রায়হান।

গল্লামারি প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের খুলনা এরিয়া ম্যানেজার আব্দুল হান্নান, অনলাইন পোর্টাল রাইজিংবিডির খুলনা প্রতিনিধি মুহাম্মদ নূরুজ্জামান, গল্লামারি প্লাজার ম্যানেজার এমডি হাসিবুল হাসান, সোনাডাঙ্গা প্লাজার ম্যানেজার আশিষ কুমার ঘোষ, বাংলাদেশ ডায়াবেটিক সেন্টার খুলনার পরিচালক ডা. এম. এন. হুদা, মেডিকেল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. তৌফিক বাশার এবং নার্স ডলি খাতুন।

দিনব্যাপী আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।