ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা থানা এলাকায় ২ জন, ধানমন্ডি থানা এলাকায় ১০ জন, বংশাল থানা এলাকায় ১ জন, খিলক্ষেত থানা এলাকায় ২ জন, কদমতলী থানা এলাকায় ১ জন, মোহাম্মদপুর থানা এলাকায় ৮ জন, মিরপুর থানা এলাকায় ১ জন এবং তুরাগ থানা এলাকায় ১ জন রয়েছেন। রাজধানীর আটটি থানায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির কর্মকর্তা।