স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন কি নেইমার ?


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন কি নেইমার ?

স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার। চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে না পারলেও এবার তার ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে তাকে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

পায়ের পেছনের মাংসপেশিতে চোট পাওয়ায় প্রায় পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। এ কারণে গ্রুপ পর্বে মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে তিনি খেলতে পারেননি। তবে গত সপ্তাহে পূর্ণমাত্রায় অনুশীলনে ফেরেন এই তারকা ফুটবলার। সোমবার (২২ জুন) দলের কৌশলগত অনুশীলনেও অংশ নেওয়ায় তার ফেরার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে।

জাতীয় দলে নেইমারের প্রত্যাবর্তন নিয়ে শুরু থেকেই ব্যাপক আলোচনা ছিল। ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। এরপর ক্লাব ফুটবলে খেলতে গিয়েও একাধিকবার চোটে পড়েন। প্রায় ৬৫০ দিনের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি আবারও ব্রাজিল দলে ফিরেছেন তিনি।

ব্রাজিলের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি জানিয়েছেন, অনুশীলনে নেইমারকে দারুণ ছন্দে দেখা গেছে। তিনি বলেন, নেইমারের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। অনুশীলনে তার আত্মবিশ্বাস ও তীব্রতা দেখেই বোঝা যায়, তিনি মাঠে ফিরতে কতটা আগ্রহী।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ ‘সি’-এর শীর্ষে রয়েছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা ড্র করতে পারলে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে থাকলে গ্রুপসেরা হিসেবেই শেষ ষোলো নিশ্চিত করতে পারবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এমন পরিস্থিতিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে দেখা যাবে কি না, সেটিই এখন ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় কৌতূহল। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের মঞ্চে আবারও মাঠ মাতাতে দেখা যেতে পারে ব্রাজিলের এই তারকা ফুটবলারকে।