
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ইসলামপুর ও শ্রীরামপুর এলাকায় উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণ করে উৎপাদিত নিরাপদ আলু স্থানীয় স্বপ্ন আউটলেট–এ বিক্রি শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের পাশাপাশি ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যও বাস্তবায়ন করা হচ্ছে।
জানা গেছে, উত্তম কৃষি চর্চা (Good Agricultural Practices (GAP)) অনুসরণ করে উৎপাদিত এসব আলু স্বাস্থ্যসম্মত ও নিরাপদ হিসেবে বাজারজাত করা হচ্ছে। ক্রেতাদের জানানো হচ্ছে, নির্ধারিত মানদণ্ড মেনে উৎপাদন হওয়ায় এসব পণ্য নিশ্চিন্তে গ্রহণ করা যায়।
পণ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে আলুর প্লাস্টিক ক্রেটের গায়ে কিউআর (QR) কোড সংযুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা উৎপাদক, উৎপাদন পদ্ধতি এবং গুণগত মান সম্পর্কে সহজেই তথ্য জানতে পারছেন।
এ প্রকল্পে কৃষকদের গ্রুপ এপ্রোচ পদ্ধতিতে সংগঠিত করা হয়েছে। তারা নির্দেশনা অনুযায়ী আধুনিক কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ আলু উৎপাদন করছেন। সংশ্লিষ্টদের মতে, সম্মিলিত প্রচেষ্টার ফলে প্রত্যন্ত এলাকায়ও মানসম্মত ও নিরাপদ কৃষিপণ্য উৎপাদন সম্ভব হচ্ছে।
ভবিষ্যতে আলুর পাশাপাশি অন্যান্য সবজিতেও একই ধরনের নিরাপদ উৎপাদন ও বাজারজাতকরণ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। পার্টনার প্রোগ্রামের আওতায় ফার্মার ফিল্ড স্কুল (PFS) কার্যক্রমের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি ব্যবস্থাপনায় দক্ষ হয়ে উঠছেন, যা দেশের কৃষিকে ধীরে ধীরে বাণিজ্যিক ও টেকসই খাতে রূপান্তরিত করছে।
আপনার মতামত লিখুন :