
উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। শনিবার (২০ জুন) বিকেল ৩টায় নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে এ মুহূর্তে বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে পানি কিছুটা কমে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বিকেল ৩টায় তা আরও কমে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে নেমে আসে।
এর আগে শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় একই পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর বিপৎসীমার মাত্রা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।
এদিকে তিস্তার পানি বাড়তে থাকায় নদীপাড়ের নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম জানান, পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তাপাড়ের নিম্নাঞ্চলের বিভিন্ন গ্রামে পানি বাড়ছে। তবে এখনো চরাঞ্চলের কোনো বাড়িঘরে পানি ওঠেনি।
তিনি বলেন, যেকোনো সময় পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে—এমন আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। শনিবার সকাল ৬টায় পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে থাকলেও বিকেল ৩টায় তা ১৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল।
তিনি বলেন, পানি বিপৎসীমার কাছাকাছি থাকলেও বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই। পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :